এসএসকেএম-এ ভর্তি মুকুল রায়
দি নিউজ লায়নঃ এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। বৃহস্পতিবার সকালে অসুস্থতা বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে বলে খবর। শুভেন্দু অধিকারীর অভিযোগের পরের দিনই তৃণমূল নেতা মুকুল রায়কে ভর্তি করানো হল এসএসকেএম হাসপাতালে। তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর তেবিনে রাখা হয়েছে। এসএসকেএম কর্তৃপক্ষের তরফে মুকুল রায়ের জন্য ৫ চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।
এই মুহূর্তে ঠিক কী অসুবিধা হচ্ছে কৃষ্ণনগরের বিধায়কের, তা অবশ্য জানা যায়নি। কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জিতলেও রাজ্যে তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার আসার পরই দলবদল করে ঘরে ফেরেন মুকুল। সপুত্র যোগ দেন তৃণমূলে। এরপরই দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান শুভেন্দু অধিকারী। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইতিমধ্যেই শুনানি হয়েছে একাধিক বার। সেখানে দুবার উপস্থিত ছিলেন শুভেন্দু নিজেও। যদিও মুকুল রায়কেও তলব করা হলেও অসুস্থতার কারণে তিনি এখনও যাননি।
এমন এক পরিস্থিতিতে বুধবারই শুভেন্দু অধিকারী দাবি করেন, 'মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। পিএসি বৈঠকেও হাজির হচ্ছেন না তিনি। তার মানে এটাই, খরচ আমরা করব, হিসেবও আমরা রাখব, এটাই আসলে কাটমানি খ্যাত তৃণমূলের নীতি।' যদিও শুভেন্দু দাবি করেছেন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার জন্য যতদূর যেতে হয়, তিনি যাবেন। শুভেন্দুর সেই আক্রমণের ২৪ ঘণ্টার আগেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। তবে, এদিন মুকুল এসএসকেএম-এ ভর্তি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Post a Comment